জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে ই-মেইল, অনুমোদন নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে শেখ হাসিনার অনুমতি নিয়েই ই-মেইলটি পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ঢাকা।

সোমবার (০৯ নভেম্বর) সকালে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক একটি সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন। মন্ত্রণালয়ের একটি সূত্রও ই-মেইল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে প্রতিষ্ঠানটির একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। তার পক্ষে যোগাযোগ করছেন উল্লেখ করে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ই-মেইলটি শেখ হাসিনার সম্মতিতে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা সম্মতিপত্রের কোনো নথি সংযুক্ত ছিল না। সাধারণত কারও পক্ষে অন্য কেউ আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র প্রয়োজন হয়।

এদিকে দিল্লি হাইকমিশনের কাছ থেকে বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এ জন্য নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন তার আইনজীবীরা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবর সামনে এল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন