দেশে বাড়েনি কর্মসংস্থান, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আসলে কত কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমে গেছে।’
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তা ৩ দশমিক ৪২ শতাংশে চলে এসেছে। বেসরকারি খাতে কোনও ধরনের ঋণ বিতরণ হচ্ছে না।
তিনি বলেন, এখন আমার বাড়ি আমার খামার প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ে একটি বাড়ি একটি খামার নামে ছিল। দুই মেয়াদেই প্রকল্পটির নাম পরিবর্তন হয়েছে। এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।
তিনি জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না। একইসঙ্গে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে করা মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হাসনাত আবদুল্লাহ অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।
আই/এ