দেশজুড়ে

চাঁদা তুলতে এলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেউ চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। তারপর পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দোকান মালিকদের অভিযোগের পর তিনি সেখানে যান। অভিযোগে বলা হয়, বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তি ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছেন। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে সতর্ক করেন এবং চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

এমপি হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

তিনি বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) এ ফিরে যান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এলাকায় পৌঁছে তিনি বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের বিষয়ে দেয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আগামী মার্চের মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন