শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রীসভার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে স্মৃতিসৌধের শহিদ বেদিতে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফ্যাসিবাদী শাসন শোষনের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।
বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রীসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্খা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারো আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।
আই/এ