আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সাথে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সাথে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ককটেল ছোঁড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় রফতানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়। সরকার সেই চেষ্টা নস্যাৎ করেছে।
আই/এ