আন্তর্জাতিক

কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, অনুপস্থিত প্রভাবশালীদের অনেকেই

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকট মোকাবিলায় তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। বুধবার (১১ নভেম্বর) থেকে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। তবে এবারের সম্মেলনে বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ আরও বাড়িয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তবে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতারা এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না। জি-৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ছাড়া অন্য কোনো সরকারপ্রধানের বক্তব্য দেওয়ার কথা নেই।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় উপস্থিত থাকলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্মেলনে যোগ দিচ্ছেন না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই।

ইউরোপের বড় দেশগুলোর নেতাদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিংক ট্যাংক ই৩-জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল।

তিনি বলেন, ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতির প্রয়োজন।

তবে বিশ্বনেতাদের অনুপস্থিতিকে অস্বাভাবিক মনে করছেন না ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা।

তার মতে, বিভিন্ন বাস্তব ও দাপ্তরিক কারণে অনেক সময় নেতাদের পক্ষে এ ধরনের সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হয় না।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়ার্কে হুকস্ট্রা আরও বলেন, এবারের জলবায়ু সম্মেলন নিয়ে প্রত্যাশা খুব বেশি নয়।

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এদিন তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। এ ছাড়া বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বিশ্বনেতাদের সম্মেলনে উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা।’

তিনি আরও বলেন, ‘আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।’

সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। এরপর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো সরকারি প্রতিনিধি পাঠানো হয়নি।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। অবশ্য চীনের প্রেসিডেন্ট সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। তাই বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ ও জলবায়ু সংকট মোকাবিলায় দেশ দুটির অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।

তবে প্রভাবশালী নেতাদের অনুপস্থিতির মধ্যেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন কসিমা ক্যাসেল।

তিনি বলেন, ‘আমাদের তো লুলা আছেন।’

গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভার বিজয়ে জলবায়ু আন্দোলনকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন তিনি।

এবারের সম্মেলনের আয়োজক তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে একটি স্বেচ্ছামূলক উদ্যোগের প্রস্তাব দিয়েছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশে বিদ্যুতের অংশীদারত্ব উন্নীত করাই এ উদ্যোগের লক্ষ্য।

তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদন করতে হবে। এ অবস্থানের কারণে তুরস্কের প্রস্তাব ঘিরে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার নিয়ে সম্মেলনে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ২০২৩ সালে প্রথমবারের মতো নীতিগত ঐকমত্যে পৌঁছান বিশ্বনেতারা। কিন্তু এরপর প্রতিবছর কপ সম্মেলন অনুষ্ঠিত হলেও সেই লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন