পরিচয় মিলেছে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারীর
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় হাসিবের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিলেন এক তরুণী। তিনি হাসিবের স্ত্রী বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’
হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়ক দিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব ও ওই তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশাটি থামার পর তার সঙ্গে হাত মেলান ওই ব্যক্তি। এরপর আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালিয়ে কোপ দেন তিনি। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন হাসিব।
এদিকে বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘তিনদিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।
তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এসি//