রাজনীতি

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। বসুরহাটের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তার ছেলে খান শিহাবুর রহমান শিহাব (৩২) স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই ছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে তোলা হবে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন