বিএনপি

শেখ হাসিনার কাছে স্বাধীনতার চেতনা মানে ব্যাংক লুটের স্বাধীনতা : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  রুহুল কবির রিজভী বলেছেন,কথায় কথায় শেখ হাসিনা এবং তাদের দলের লোক-বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার মুক্তি? ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা তাদের নিজেদের স্বাধীনতা মাত্র। লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা, সোনালী ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে। নিজের দেশকে মনে করে না।

এদিকে বিকেলে রাবি শাখা ছাত্রদল আয়োজিত আর এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন কিংবা পুলিশের বক্সে আগুন লাগানো হচ্ছে। কিন্তু জনগণের শক্তির সামনে এসব অপচেষ্টা টিকবে না।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে। কেউ গুম বা ক্রসফায়ারের শিকার হবে না এবং সরকারের সমালোচনা করলে মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন