রাজনীতি

গোপালগঞ্জ,মাদারীপুর যে দেশের অংশ সেটি মনে হচ্ছে না : গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটি অংশ, সেটিও মনে হচ্ছে না।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াত ইসলামী।

বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে গোলাম পরওয়ার বলেন, সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন।

তিনি বলেন,  গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা ঘটছে, তা একটি নির্বাচিত সরকারের আমলে কাম্য নয়।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের সুরক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল  বলেন, সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।  প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন