সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুই বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে থাকা তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।
এমজে/এ