অপরাধ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় ছিলেন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বুধবার মধ্যরাতে উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানেই গ্রেপ্তার হন নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ আসনের (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর টানা ১০ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মী ছাড়াও অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) হত্যার ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন