মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বুধবার রাতে উত্তরার ওই বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বুধবার রাত পৌনে ৩টার দিকে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন এই অভিনেত্রী। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। সরাসরি সম্প্রচারে জ্যোতিকা জ্যোতি দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না তিনি।

একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
সরাসরি সম্প্রচারের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। জ্যোতিকা জ্যোতি এই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলা রয়েছে।
এসি//