জাতীয়

পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতার জেরে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

এতে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রুটে চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতির কারণে দূরপাল্লার বাস কাউন্টারগুলো শুক্রবারের অগ্রিম টিকিটও বিক্রি করছে না। আগে টিকিট কাটা যাত্রীদের ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগাম বুকিং নেওয়া টিকিটও বাতিলের কথা জানিয়ে দেওয়া হচ্ছে।

পরিবহন মালিক সমিতি জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানে ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। একটি বাসে আগুনও দেওয়া হয়। এসব ঘটনার পর যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা বিবেচনায় বুধবার দুপুর থেকে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড ও জনসংযোগ) যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জানান, গত দুই দিন ধরে মোংলা বন্দর থেকে আমদানি-রপ্তানির পণ্যবাহী কোনো যানবাহন মোংলা-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক হয়ে পদ্মা সেতু পার হতে পারছে না। এসব যানবাহন এখন খুলনা-যশোর হয়ে আরিচা ফেরি পারাপারের পথ ব্যবহার করছে।

তবে বন্দরের জেটি ও আউটার বারে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাইয়ের জন্য বর্তমানে জাহাজের কোনো শিডিউল নেই। ফলে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে আপাতত প্রভাব পড়ছে না বলে জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন