দেশজুড়ে

আজ থেকে গোপালগঞ্জ রুটে চলবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। আপাতত ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতির উন্নতি হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত চলাচল শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ফিরতি ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

তবে নতুন সিদ্ধান্তের কারণে আপাতত কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আবারও আগের নির্ধারিত পথে চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন