সরকার আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসার সুযোগ করে দিচ্ছে : নাসীরুদ্দীন
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। মনে হচ্ছে তারা এক ধরনের দ্বিমুখী খেলা খেলছে যার এক প্রান্ত রয়েছে সংসদে, আর অন্য প্রান্ত গোপালগঞ্জে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই রাজনৈতিক খেলার দিকে সবার মনোযোগ নিবদ্ধ থাকার সুযোগে, জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে জনমানস থেকে মুছে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের এই খেলার ঘুঁটি হওয়া চলবে না। আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাঁদের আত্মত্যাগকে ভুলে যেতে পারি না, কিংবা রাজনৈতিক হিসাব-নিকাশের আড়ালে জুলাই অভ্যুত্থানের চেতনাকে হারিয়ে যেতে দিতে পারি না।
জুলাই কোনো খেলা ছিল না। আমাদের শহীদরা রাজনৈতিক দরকষাকষির জন্য জীবন দেননি।
তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতান্ত্রিক সংগ্রামের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
ন্যায়বিচারের লড়াই এখনো শেষ হয়নি। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।
আই/এ