বিনোদন

দূরত্ব তিন বছরের, তবু অটুট মৌসুমী-ওমর সানীর সম্পর্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন তারা। স্ত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশেই রয়েছেন ওমর সানী। এ নিয়ে বিভিন্ন সময়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে দাম্পত্য সম্পর্কে দূরত্ব নয়, বরং পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়ার কারণেই আলাদা দেশে থাকতে হচ্ছে তাদের।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর অসুস্থ মায়ের দেখাশোনা এবং মেয়ে ফাইজার পড়াশোনার কারণে আর দেশে ফেরা হয়নি এই অভিনেত্রীর। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি স্মৃতিলোপজনিত রোগেও ভুগছেন তার মা। ফলে মায়ের যত্ন নেওয়াকেই আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মৌসুমী।

স্ত্রীর এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ওমর সানীও। শাশুড়ির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মৌসুমীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তবে স্ত্রী ও মেয়ের কাছে যেতে চাইলেও এখনো তা সম্ভব হয়নি অভিনেতার।

২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তিনি তা পাননি। বর্তমানে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রেই রয়েছেন মৌসুমী। সেখানে রূপচর্চাবিষয়ক বিষয়ে পড়াশোনা করছেন ফাইজা। অন্যদিকে, তাদের ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন দুবাইয়ে।

বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা, অভিনয় ও রেস্তোরাঁর ব্যবসা সামলাচ্ছেন ওমর সানী। ভৌগোলিক দূরত্ব থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগে কোনো বিরতি নেই তাদের। নিয়মিত ভিডিও কলে কথা বলেন পরিবারের সদস্যরা। বিশেষ দিনগুলোতেও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় এই দম্পতিকে। চলতি বছরের ৬ মে ওমর সানীর জন্মদিনে ভালোবাসার বার্তা পাঠান মৌসুমী। একইভাবে ৩ নভেম্বর স্ত্রীর জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ওমর সানী।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি। বিয়ের প্রায় দেড় বছর পর, ২ আগস্ট অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও একসঙ্গেই রয়েছেন মৌসুমী ও ওমর সানী। দুই দেশে অবস্থান করলেও পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়ায় অটুট রয়েছে তাদের সম্পর্ক।

এ সম্পর্কিত আরও পড়ুন