ক্যাম্পাস

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন কোনো মুষ্টিমেয় মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার সব অপচেষ্টা প্রতিহত করা হবে। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা রয়েছে বলে মনে হয় না। প্রচলিত আইনে কেউ বঞ্চিত হয়ে থাকলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তাহলে তারা সেখানে গিয়ে ন্যায়বিচার চাইছেন না কেন?

তিনি আরও বলেন, কালো টাকার প্রলোভনে দেশের যুবসমাজকে বিপথগামী করে একটি গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে। কারও প্ররোচনায় নিজেদের বিবেক বিকিয়ে না দিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা বিভিন্ন অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস দেখা যাচ্ছে না। বরং তারা নতুন করে ফ্যাসিবাদী শাসনপদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বর্তমানে সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশের সুযোগ পাচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার চর্চায় কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। অতীতে যারা অপকর্ম করেছেন, তাদের সেসব কর্মকাণ্ডের দায় নিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা না করে সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তাঁর মতে, নৈরাজ্য কখনো একটি জাতির জন্য কল্যাণকর ভবিষ্যৎ বয়ে আনতে পারে না।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন