জাতীয়

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতায়’ হাসিনার সমর্থকেরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের (এনওয়াইটি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে তারা ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব তৎপরতাকে প্রতিবেদনে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রোববার (২২ নভেম্বর) হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় হাসিনার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সমর্থকদের লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্যের বরাত দিয়ে এনওয়াইটি জানায়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য রয়েছেন। এ ছাড়া একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাস সহকারী।

প্রতিবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলা চালিয়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতা বেশি ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনায় হামলা চালান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

এ পরিস্থিতিতে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও অবরোধ করা হয়।

এনওয়াইটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে অবরোধ তুলে নেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা বন্ধ ছিল সড়কটি।

এ ছাড়া বিক্ষোভকারীদের অস্ত্র প্রদর্শন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। পৃথক সংবাদ প্রতিবেদনেও গোপালগঞ্জে পুলিশের গাড়ি, পুলিশ স্থাপনা ও সরকারি সম্পত্তিতে হামলার তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযানের ঘটনায় এই রায় দেওয়া হয়।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনওয়াইটির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন