ঈশ্বরদীতে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি
রাতের শেষ ভাগ থেকে সকাল—চারপাশজুড়ে কুয়াশার চাদর। সড়কে চলাচলকারী যানবাহনকে জ্বালাতে হয়েছে হেডলাইট। ভোরের কর্মজীবী মানুষও বের হয়েছেন গায়ে শীতের পোশাক জড়িয়ে। কয়েক দিনের তুলনামূলক উষ্ণ আবহাওয়ার পর আবারও শীতের আমেজ ফিরেছে পাবনার ঈশ্বরদীতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে শুরু করে। রাতভর কুয়াশা পড়ার পর বুধবার (২৫ নভেম্বর) ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় আশপাশের এলাকা। সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা থাকলেও সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা কেটে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে দাশুড়িয়া, কালিকাপুর, বহরপুর ও নওদাপাড়া এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি ছিল। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। সকাল ৭টার দিকে দাশুড়িয়া ট্র্যাফিক মোড় এলাকায় মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। কাজের সন্ধানে বের হওয়া অনেকেই শীতের পোশাক ও গরম কাপড় জড়িয়ে বাইরে যান। মঙ্গলবার রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। বুধবার ভোরে কুয়াশা এতটাই ঘন ছিল যে দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। সকালে কুয়াশা কিছুটা কমলেও ঠান্ডা বেড়েছে বলে মনে করছেন তিনি।
ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এক শ্রমিক জানান, শীত বাড়তে থাকায় সকালে কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে উঠবে। ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না করা থেকে শুরু করে কাজে বের হওয়া—সব ক্ষেত্রেই বাড়তি কষ্ট পোহাতে হবে। এখনো নতুন শীতের পোশাক কেনা হয়নি। তাই পুরোনো পোশাক দিয়েই শীত মোকাবিলা করছেন তিনি।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বুধবার ভোর ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কয়েক দিন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
তিনি জানান, মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার তা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতিও বেড়েছে।
এসি//