আইন-বিচার

আ.লীগের আমলের অপরাধ তদন্তে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের ঘটনা তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে তথ্য ও অভিযোগ চেয়ে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধের ঘটনা যাতে তদন্তের বাইরে না থাকে, সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য ও অভিযোগ সংগ্রহের পর সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের পালাতে যারা সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। অপরাধে সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা যেতে পারে বলে জানান তিনি।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ধাপে ধাপে তদন্ত করা হবে। এ জন্য দেশজুড়ে তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং প্রয়োজনে গণশুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, অপরাধগুলোর ব্যাপকতা বিবেচনায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন