ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম আবু মোন্নাফ। তিনি উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে। অপর ব্যক্তি সিএনজির যাত্রী। তার পরিচয় এখনো জানা যায়নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বায়ান্ন টিভিকে জানান, রাত পৌনে ৮টার দিকে নবগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আবু মোন্নাফ ও এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//