গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা, যৌথ বাহিনীর ওপর হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি) নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
জানা গেছে, পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এমএ//