উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত, ভোরে বইছে হিমেল হাওয়া
দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সন্ধ্যার পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে। রাত গভীর হলে ঠান্ডা আরও তীব্র হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসের পাশাপাশি কোথাও কোথাও দেখা মিলছে ঘন কুয়াশার।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকেই উত্তরের বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাসের প্রভাবে জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও কৃষকরা। জীবিকার তাগিদে ভোরে কাজে বের হওয়া এসব মানুষকে শীত থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহার করতে দেখা যাচ্ছে।
দিনের বেলায় সূর্যের আলোয় কিছুটা স্বস্তি মিললেও বিকেল থেকে পরিস্থিতি পাল্টে যায়। সন্ধ্যা নামার পর তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি বাড়ে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ঠান্ডার প্রভাব বেশি। ভোরে মাঠে কাজে যাওয়া কৃষক ও শ্রমজীবী মানুষকে শীত উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে।
শীতের আগমনে উদ্বেগ বাড়ছে ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের মধ্যেও। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় তাপমাত্রা আরও কমে গেলে এসব মানুষের কষ্ট বাড়তে পারে। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের জন্য শীতের এই আগমন বাড়তি দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শুক্রবার ভোর ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হ্রাসের পাশাপাশি উত্তরের হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে।
এমএ//