ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে আগ্রাসী ও হত্যাকারী উল্লেখ করে তিনি বলেন, এমন একজন ব্যক্তিকে বন্ধু বলা যায় না। ট্রাম্পের এই অবস্থানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। সাক্ষাৎকারে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের বিলম্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
জেলেনস্কির অভিযোগ, শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনকে জড়িয়ে ধরার ছবি প্রকাশ করে ট্রাম্প তাকে বন্ধু হিসেবে উল্লেখ করায় বিষয়টি অদ্ভুত মনে হয়েছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসী এবং হত্যাকারী। এমন একজন ব্যক্তি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো বিষয় এটি বলেও মন্তব্য করেন তিনি।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত সর্বশেষ শান্তি আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যা ততই বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনাও বেশ জোরালো বলে মন্তব্য করেন ট্রাম্প।
যুদ্ধের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা জরুরি বলে মনে করছে ইউক্রেন। দেশজুড়ে রাশিয়ার হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বেড়েছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জেলেনস্কি বলেন, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি খুব নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায় আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী—উভয় পক্ষকেই সমর্থন করছেন। এটি ঠিক নয়।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, দুই পক্ষের মধ্যে টেকসই শান্তি চুক্তি অর্জনের জটিল প্রক্রিয়ায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।
বৃহস্পতিবার পুতিনকে বন্ধু বলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। জবাবে তিনি বলেন, ‘আমরা হত্যাকাণ্ড বন্ধ করতে চাই। আমি বলতে পারি, তিনি আমার বন্ধু নন। কিন্তু আমি একটি চুক্তি করতে চাই।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি সেখানে গিয়ে বলতে পারি, আমি তোমাকে পছন্দ করি না। কিন্তু তাতে জেলেনস্কি ও পুতিনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে, সেটিই থেকে যাবে। এই সমঝোতার পথে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতাই একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’
এমএ//