ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রুশ হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (০৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাপোরিঝঝিয়ার আঞ্চলিক প্রশাসন প্রধান মিখাইলো সেমিকিনের বরাতে বিবিসি জানায়, জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে তিন হাজার কেজি ওজনের অন্তত ৯টি বোমা হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন। হামলার পর প্রথম দিকে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। পরবর্তীতে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ত্রাণ বিতরণের কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। প্রথম হামলার পর সেখানে আশ্রয় নেওয়া মানুষের ওপর দ্বিতীয় দফায় আঘাত হানা হয়।
সোমবারের হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এতে বোমার আঘাতে তৈরি বিশাল গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়।
জেলেনস্কি বলেন, কোমিশুভাখায় থাকা স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহেই ওই স্থানে মানবিক সহায়তা নিতে আসতেন। বিষয়টি রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়।
তিনি বলেন, এই হামলা আবারও প্রমাণ করে যে রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়।
এ ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে। তবে হামলার বিষয়ে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।