শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে শাস্তি দেব : নাসীরুদ্দীন
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এ তো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, সীমান্তে আসার যে দুঃসাহস শেখ হাসিনা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো।
তিনি বলেন, গত ৮ মাসে আমরা দেখেছি, বিএনপি ও আওয়ামী লীগের কুসুম কুসুম পিরিতি হয়েছিল, এদের পিরিত এখন কই গেছে? আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে বলবো, যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান তাহলে মনে রাখবেন লক্ষ কোটি জনতা তৈরি হয়েছে যারা আপনাদের এই সিস্টেম আর বাংলাদেশের মেনে নেবে না।
তিনি আরও বলেন, ‘মিলিটারি, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি, গার্মেন্টসসহ প্রত্যেক জায়গা থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে। যদি সরকার তাদেরকে তাড়াতে না পারে, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আমরা এই দায়িত্ব নেবো।
এ এনসিপি নেতা বলেন, তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা জানি না। তবে ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, গোলটেবিলে কোনও বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয়, তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে।
সভায় বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার প্রমুখ।
আই/এ