আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, হতাহত বহু শিক্ষার্থী
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রদেশটির আন্দার সের এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এক আফগান সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকানও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ফরিদ দেহকান।
এর আগে, গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হাতবোমা হামলার ঘটনা ঘটে। এতে ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
এসি//