আফগানিস্তানে নারীদের নিজস্ব নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও ব্যবস্থাপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে। নামের পরিবর্তে সব নারীর ক্ষেত্রে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধান এবং স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, বালখ প্রদেশের হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের প্রকৃত নাম লেখা বা ধরে ডাকার পরিবর্তে ‘বিবি’ সম্বোধন করতে বলা হয়েছে। স্থানীয় সংস্কৃতিতে ‘বিবি’ শব্দটি নারীদের সম্মান জানাতে ব্যবহৃত হলেও এর অর্থ বয়স্ক নারী বা দাদি-নানির মতো। ফলে বয়স নির্বিশেষে সব নারীর জন্য একই শব্দ ব্যবহারের নির্দেশ তাদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, আফগান নারী অধিকারকর্মীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও উল্লেখ করা হচ্ছে। তবে এসব শব্দ ব্যবহারের তথ্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এগুলোকে আনুষ্ঠানিক নির্দেশনার অংশ হিসেবে নিশ্চিত করা যায়নি।
জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, নারীদের নাম মুছে ফেলার এই প্রবণতা তাদের মানবিক পরিচয় ও স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করার একটি প্রক্রিয়া। তাঁর আশঙ্কা, চিকিৎসার ব্যবস্থাপত্র ও রোগীর নথিতে অসংখ্য নারীকে একই নামে চিহ্নিত করা হলে চিকিৎসাসেবায় বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে গুরুতর ভুলের ঝুঁকিও রয়েছে।
নারীদের অধিকার সংকুচিত হওয়ার ধারাবাহিকতা
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও সামাজিক অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ বন্ধ, নারীদের অধিকাংশ পেশায় কাজের ওপর নিষেধাজ্ঞা এবং জনপরিসরে তাদের উপস্থিতি সীমিত করার মতো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হয়। এতে দেশটিতে নারী চিকিৎসক, নার্স ও ধাত্রী তৈরির সুযোগ আরও সীমিত হয়েছে। পাশাপাশি নারী রোগীদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধের অভিযোগ রয়েছে।
আফগানিস্তানে নারীদের নাম ও পরিচয় সংরক্ষণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক ও সাংস্কৃতিক বাধা রয়েছে। অনেক ক্ষেত্রে বিয়ের আমন্ত্রণপত্র, পারিবারিক পরিচয় কিংবা সমাধিফলকেও নারীদের নিজস্ব নাম উল্লেখ করা হতো না।
এই পরিস্থিতিতে ২০১৭ সালে লালাহ ওসমানির উদ্যোগে ‘আমার নাম কোথায়’ শিরোনামে একটি প্রচারাভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালে সন্তানদের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। অতীতেও স্থানীয় পর্যায়ে শুরু হওয়া কিছু বিধিনিষেধ পরে দেশজুড়ে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসাসেবার সুযোগ সংকুচিত করার পাশাপাশি এবার তাঁদের ব্যক্তিগত নাম ও পরিচয় ব্যবহারে বিধিনিষেধের অভিযোগ দেশটির নারী অধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এসি//