সোমবারের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের
দেশের সব উপজেলা ও থানায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে।
তিনি বলেন, “বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
বিবৃতিতে সোমবারের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।
এসি//