বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ডেস্ক ক্যালেন্ডারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির পরিচয়ে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ লেখা হয়েছে। এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ উল্লেখ করে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে।
একই ঘটনায় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আই/এ