সাবেক এসবি প্রধানের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে
রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিন ও তার দুই শ্যালককে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শায়লা ফারজানার দুই ভাই হলেন, রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহির্গমন সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরা উদ্ধার করা হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন সদস্য মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ছিল তাদের উদ্দেশ্য।
আবেদনে আরও বলা হয়, শায়লা ফারজানা ও তার দুই ভাই নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন। ঢাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা লোকজন জড়ো করা ও অর্থের জোগান দিতেন বলে পুলিশের দাবি। বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের সময়ও অন্য আসামিদের ঘটনাস্থলে জড়ো করার ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, মামলার তদন্ত এখনো শেষ হয়নি। জামিনে মুক্তি পেলে তারা আবার নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন এবং অন্য আসামিদের সহায়তা করতে পারেন—এমন আশঙ্কা থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার ভোরে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং বুলবুল মিয়াকে মিরপুরের রাকিন সিটির বাসা থেকে গ্রেফতার করা হয়।
শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হিসেবে এসবি প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের আগস্টে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। শায়লা ফারজানাকেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
পুলিশের আবেদনে বলা হয়েছে, রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল ও আশুলিয়া থানায় হত্যা-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। বিমানবন্দর থানার মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় করা হয়েছে।
এমজে/এ