দুই দিন কর্মবিরতি স্থগিত রাখার পর আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে লাগাতার এ কর্মসূচি শুরুর কথা রয়েছে। এবার বন্দরের বহির্নোঙর এলাকাতেও কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়িত হলে পুরো বন্দর অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বন্দর সূত্রে এ তথ্য জানা যায়। একই দিন চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে দাবি-দাওয়া তুলে ধরেন এবং কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক ইব্রাহীম খোকন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ না নেওয়া।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তার অভিযোগ, বন্দর চেয়ারম্যান অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছেন। তাই তাকে অপসারণ করে জিজ্ঞাসাবাদের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
সংগঠনের নেতারা জানান, আন্দোলন শুরুর পর গেল কয়েক দিন বহির্নোঙর এলাকার কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল না। তবে রোববার থেকে শুরু হওয়া লাগাতার ধর্মঘটে বহির্নোঙরেও কোনো কাজ হবে না বলে তারা স্পষ্ট করেছেন।
এমএ//