আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বিটিভির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার হবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ, এবং রাত ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করা হবে তারেক রহমানের ভাষণ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের মধ্যে থাকবে।
এর আগে গতকাল রোববার (০৮ ফেব্রুয়ারি) এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ভাষণ বিটিভিতে সম্প্রচারিত হয়।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সেনা, পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার থেকে নির্বাচনি অপরাধ দ্রুত বিচারের জন্য ৬৫৭ বিচারকও মাঠে থাকবেন।
সরকারের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রায় সাড়ে ৫ লাখ সদস্য ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন। পুলিশের সংখ্যা প্রায় দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৭ হাজারের বেশি সদস্য দায়িত্বে থাকবেন। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টিতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও বড় সংখ্যক সংস্থা অংশ নিচ্ছে। প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি, বিদেশি সাংবাদিকরাও ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।