ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের আগে জয়ের ব্যাপারে আশাব্যক্ত করে জামায়াত আমির বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিজয়ের বিষয়ে তার দল আশাবাদী। এই সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এই আসনে মোট ১২৭টি ভোটকেন্দ্র রয়েছে।
প্রার্থীর সংখ্যা আটজন। তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আমজনতার দল থেকে মো. নিলাভ পারভেজ, বিএনপি থেকে মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মোবারক হোসেন, জনতার দল থেকে খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ থেকে মো. আশফাকুর রহমান, জাতীয় পার্টি থেকে মো. সামসুল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে আহম্মদ সাজেদুল হক।
এসি//