ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগে মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম আবেদনটি জমা দেন।
১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন দাবি করেন, ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি অভিযোগ করেন, একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।
আই/এ