রাজনীতি

‘অতীতের রেকর্ড ভেঙে জামায়াতের ঐতিহাসিক অগ্রযাত্রা শুরু’

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সম্ভাবনাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান লিখেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের এই খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন, আমাদের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

জামায়াত আমির এরপর লিখেন, এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা দেখানোর। আসুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণের আরও ব্যাপক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবো, দলীয় ঐক্যকে সুদৃঢ় করব এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবো।

সবশেষে শফিকুর রহমান লিখেন, আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ত্যাগ ও পরিশ্রমের কারণে সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. শফিকুর রহমান #বাংলাদেশ জামায়াতে ইসলামী