নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম কর্মদিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়া ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেয়া হয় এবং পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। সাধারণ দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়।
প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে সেখানে তারেক রহমানের সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসবেন।
এর আগে, মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার শপথের পর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। পাশাপাশি প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। বিএনপি জোটের শরিকেরা আরও তিনটি আসন পায়।
এসি//