নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রথম দিনেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তার মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদানের সময় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মহড়া দিয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ সরকারের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচনের গেজেটের পর মন্ত্রিপরিষদ বিভাগে তুমুল ব্যস্ততা দেখা যায়। নতুন ভবনের ছয়টি লিফট সর্বদা ব্যস্ত থাকে, কর্মকর্তারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ফাইল নিয়ে যাতায়াত করছেন। এবার শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়, যার সার্বিক তত্ত্বাবধান করেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি সচিবালয়ে প্রথম অফিস করবেন। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন এবং বিকেল ৪টায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসি//