প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এসি//