ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা চালিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউনিভার্সিটি স্ট্রিট, জোমহুরি ও উত্তরাঞ্চলের সেয়্যেদ খানদানসহ তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শব্দ ও ধোঁয়া দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এ হামলার তথ্য নিশ্চিত করেছে। অন্যান্য স্থানীয় গণমাধ্যমও দেশের বিভিন্ন অঞ্চলে হামলার খবর প্রচার করেছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, এই হামলা মূলত ইসরাইলের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে চালানো হয়েছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান।
সূত্রের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ তৈরি করতে অঞ্চলে যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, রাজধানীর কয়েকটি এলাকায় মোবাইল ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফলে ওই মুহূর্তে কল করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার জন্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এমএ//