ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ৬০ জন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। ইরানের বার্তা সংস্থা আইআরএন এ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
মিনাব শহরের কর্মকর্তা মোহাম্মদ রাদমেহেরে বরাত দিয়ে সংস্থাটি জানায়, ইসরায়েল আজ সকালে স্কুলটিতে "সরাসরি আক্রমণ" করেছে।
তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার কড়া জবাব দেয়া হবে।
আই/এ