জাতীয়

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে দলগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

ইফতারে দাওয়াতের জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি বলেন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ‘এতো ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। সেজন্য প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

তারেক রহমান বলেন,  বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী