আন্তর্জাতিক

খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি  হত্যাকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ।

রোববার (১ মার্চ) প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করে আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া অনিবার্য এবং তা উপেক্ষিত থাকবে না। এটিকে ইসলামি বিশ্ব ও শিয়া সম্প্রদায়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হবে।

প্রেসিডেন্টের দপ্তর জানায়, আগের মতো এবারও ইরান দৃঢ় অবস্থানে থাকবে এবং দায়ীদের জবাবদিহির মুখে দাঁড় করানো হবে। একই সঙ্গে ইসলামি উম্মাহ ও বিশ্বজুড়ে সমর্থনকারীদের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।

খামেনির মৃত্যুতে ইতোমধ্যে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। পাশাপাশি অতিরিক্ত সাত দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #আয়াতুল্লাহ আলি খামেনি