ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা এবং হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
এমএ//