আন্তর্জাতিক

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। রোববার (০১ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার করাচির মাই কোলাচি রোড এলাকায় বিক্ষোভকারীরা সমবেত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, নিহতদের মরদেহ করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

আল জাজিরার ইসলামাবাদ প্রতিনিধি আবিদ হোসাইন জানান, ইরানের প্রতি সংহতি জানিয়ে গিলগিট-বালতিস্তানের স্কার্দু শহরেও বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে, যার মধ্যে জাতিসংঘ সংশ্লিষ্ট একটি আঞ্চলিক দপ্তরও রয়েছে। তবে এখন পর্যন্ত কেবল সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, ভারতশাসিত কাশ্মীরেও কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভে অংশ নেন। শ্রীনগরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে তারা সমবেত হয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারী সৈয়দ তৌফিক বলেন, ‘আমরা আমাদের প্রিয় নেতাকে হারানোর শোক পালন করছি।’ তিনি আরও বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে আমরা সব সময় দাঁড়াব।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #পাকিস্তান #খামেনি