ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে—এমন অভিযোগ ওঠার পর তা সরাসরি নাকচ করেছে নয়াদিল্লি।
বুধবার (০৪ মার্চ) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন সামরিক বাহিনী তাদের কোনো বন্দর ব্যবহার করছে—এ ধরনের দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”
তার এ দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”
এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।
বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল।
সূত্র: আলজাজিরা
এসি//