আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘অনুতপ্ত হতেই হবে’: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে ‘তীব্র অনুতপ্ত হতে হবে’।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আরাঘচি বলেন, ইরানের উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে, যা তিনি নৃশংসতা হিসেবে অভিহিত করেন। 

তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলার শিকার হয়েছে।

আরাঘচির বক্তব্য অনুযায়ী, প্রায় ১৩০ জন নাবিক বহনকারী এই জাহাজটি তখন ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। 

তার ভাষ্য, আন্তর্জাতিক নৌ-আইনের চরম লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। 

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তাদের ভবিষ্যতে অনুশোচনা করতে হবে।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, আরাঘচির হুঁশিয়ারি সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপের ইঙ্গিত হতে পারে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #আব্বাস আরাঘচি #ইরান