যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি সম্পর্কে ইরানকে তথ্য দিচ্ছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের অনুষ্ঠান “৬০ মিনিটস”–এ কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সবকিছু নজরদারিতে রাখছে এবং এসব তথ্য তাদের যুদ্ধ পরিকল্পনার মধ্যেও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারে—তাদের সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানেন কার সঙ্গে কার যোগাযোগ হচ্ছে। প্রকাশ্যে হোক বা গোপন চ্যানেলের মাধ্যমে—যে কোনো অনুচিত কার্যকলাপের মুখোমুখি যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে হচ্ছে এবং তা কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে বলেও জানান তিনি।
হেগসেথ আরও বলেন, প্রতিপক্ষকে ঝুঁকির মধ্যে ফেলাই তাদের কাজ, তাই এ নিয়ে তারা উদ্বিগ্ন নন। তবে তার মতে, বর্তমানে চিন্তিত হওয়ার প্রয়োজন কেবল তাদেরই, যারা মনে করছে তারা বেঁচে থাকবে—অর্থাৎ ইরানের পক্ষ।
এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইরানকে দিয়ে আসছে।
অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি শোক প্রকাশ করেন এবং রাশিয়ার অবস্থান তুলে ধরে বলেন, শত্রুতামূলক কর্মকাণ্ডের অবসান হওয়া প্রয়োজন। পুতিনের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
এমএ//