কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া কড়া হুমকির সরাসরি জবাব দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি জানিয়েছেন, তেহরান এ ধরনের কোনো কথায় ভীত নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তবে তাদের ওপর অত্যন্ত কঠিন আঘাত হানা হবে।
মূলত হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য বিস্তারের চেষ্টার জবাবেই ট্রাম্প এই চরম বার্তা দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকির পাল্টা জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে (সাবেক টুইটার) বেছে নেন ইরানের নিরাপত্তা প্রধান।
এক্সে দেয়া এক পোস্টে আলি লারিজানি ট্রাম্পের উদ্দেশে লেখেন, ট্রাম্পের এই ফাঁকা হুমকিকে ইরান একেবারেই ভয় পায় না। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, অতীতে তার চেয়েও বড় ও শক্তিশালীরা ইরানকে নির্মূল করতে এসেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।
পোস্টের শেষে লারিজানি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, “নিজের প্রতি খেয়াল রাখুন, যাতে আপনি নিজেই নির্মূল না হয়ে যান।”
এসি//